রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা বিভাগে ‘রঙ’ চিত্রশিল্পী গ্রুপের উদ্যোগে শিল্পকর্ম প্রদর্শনী '২০১৫' অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চারুকলা বিভাগের মুক্তমঞ্চে রঙ শিল্পকর্মী প্রদর্শনী শীর্ষক দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন।
বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোস্তফা শরীফ আনোয়ার অনুষ্ঠানে সভাপতিত্বে রঙ চিত্রশিল্পী গ্রুপের আহ্বায়ক সুজন সেন এতে স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র, প্রখ্যাত কথা সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর সনৎ কুমার সাহা।
উদ্বোধনের পর অতিথিবৃন্দ শিল্পকর্ম প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীতে রঙ এর অপরাপর শিল্পী আজাদী পারভীন, মো. হাবিবুল্লাহ, কনক কুমার পাঠক, সুজন সেন ও মমতাজ পারভীনসহ অন্যান্য ৩০ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নীলুফার সুলতানা, বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রভোস্ট ও চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএইচ





