রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ভবন ও বিভাগীয় অফিসের তালায় ‘সুপার গ্লু’ লাগিয়ে দিয়েছে ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান- শুক্রবার রাতে ক্লাস-পরীক্ষা বন্ধ করতে ছাত্রদলকর্মীরা সুপার গ্লু লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবন, শহীদুল্লাহ কলা ভবন, রবীন্দ্র ভবন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজ্ঞান ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনের বিভাগীয় অফিস কক্ষের তালায় সুপার গ্লু দিয়ে অকেজো করে দেওয়া হয়েছে।

এ ছাড়া কিছু বিভাগের শ্রেণীকক্ষের তালাতেও সুপার গ্লু দেখা গেছে। এতে করে শিক্ষক বা শিক্ষার্থীরা অফিসে ও শ্রেণী কক্ষে প্রবেশ করতে পারেনি।

আইন বিভাগের অধ্যাপক এম আহসান কবির বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিভাগের তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকালে অফিসে এসে দেখি সুপার গ্লু দিয়ে তালাগুলো অকেজো করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় তাদের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তার মুক্তিসহ ৬ দফা দাবিতে শনিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।

জেএ