জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, অনুষদ ডীন, রেজিস্ট্রার, হল প্রাধ্যক্ষ, ছাত্র-শিক্ষক, অফিসার ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, সমিতি, ক্লাব ও বিভিন্ন হলের পক্ষ থেকে প্রাধ্যক্ষগণ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সূর্যোদয়ের সময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এবং রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রশাসনিক ভবনে যথাক্রমে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ও সাড়ে ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) ও উপাচার্য কাপ ফুটবল (ছাত্র) প্রতিযোগিতায় বেগম খালেদা জিয়া হলের ও মীর মশাররফ হোসেন চ্যাম্পিয়ন হয়। ফুটবল (ছাত্র) খেলায় মীর মশাররফ হেসেন হল আর বেরুনী হলকে ১-০ গোলে পরাজিত করে। এছাড়া হ্যান্ডবল (ছাত্রী) কাছে ৯-২ গোলে পরাজিত হয় শেখ হাসিনা হল।

খেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর এ খেলার আয়োজন করা হয়।

বেলা সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্র ভ্রাম্যমান গণসঙ্গীতের আয়োজন করে। বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, জার্নাল, পোষ্টার ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। উপাচার্য গ্রন্থাগারে এ প্রদর্শনী উদ্বোধন করেন। সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের পক্ষ থেকে সাইকেলে র‌্যালীর আয়োজন করা হয়েছে। বিকাল ৪ টায় জার্নালিজম বিভাগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল চারটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে প্রশাসন ভবন, হল সমূহ ও বিভিন্ন গেইটসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়েছে গতকাল সোমবার থেকে এবং আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে আজ মঙ্গলবার রাতে।

এএইচ