রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র শিবিরের ডাকে ধর্মঘটের প্রথম দিনে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসের দফায় দফায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১১ টার সময় ক্যাম্পাসের কয়েকটি একাডেমিক ভবনে বিষ্ফোরণ ঘটে। ফলে মুহুর্তেই ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়।
জানাযায়, বেলা ১১ টার সময় দ্বিতীয় বিজ্ঞান ভবনের পার্শে হঠাৎ করে পর পর দুটি ককটেল বিষ্ফোরণ ঘটে। এর কয়েক মিনিট পরেই শহীদুল্লাহ কলাভবনের ভিতরে একটি বিকট আওয়াজের ককটেল বিষ্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরেই রবীন্দ্র কলাভবনের তৃতীয় তলায় একটি হাতবোমার বিষ্ফোরণ ঘটে।
পরপর ককটেল বিষ্ফোরণ ঘটায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে, শিক্ষার্থীরা ছুটাছুটি করে পালাতে থাকে। মুহুর্তেই ফাঁকা হয়ে যায় ক্যাম্পাস।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের সামনে থেকে শামীম নামে এক চায়ের দোকানদারকে আটক করে মতিহার থানা পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আতঙ্ক ছড়ানোর জন্য সকাল থেকেই নাশকতার চেষ্টা করছে দুর্বৃত্ত্বরা। দ্বিতীয় বিজ্ঞান ভবনের ছাদে ও পাশে, শহীদুল্লাহ কলা ভবনের সামনে এবং টুকিটাকি চত্বরে ককটেল বিস্ফোরণ হয়েছে। নাশকতাকারীদের কাউকে চিহ্নিত করা যায়নি। তবে ক্যাম্পাসের নিরপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, ৬ ফ্রেবুয়ারিরা শিবিরের তথ্য বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিনকে পুলিশ গুলি করে হত্যা ও দুই নেতার পায়ে গুলি করার প্রতিবাদে বুধবার ও বৃহস্পতিবার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
এসএইচ





