আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবিতে শুক্রবার (১৭ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি গ্রুপ। অনশন চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

ঢাবি জগন্নাথ হল ইউনিয়নের সহ-সভাপতি (ভিপি) উৎপল বিশ্বাস জানান, অনশনের সময় তাদের হলের ছাত্র অপূর্ব চক্রবর্তী ও অর্ক সাহা অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। এছাড়া জগন্নাথ হল ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল দাস ও সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ দাস অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্যালাইন দেয়া হয়।

এর আগে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবি গতকাল (বৃহস্পতিবার) বিকাল থেকে আমরণ অনশন করেন ঢাবির প্রায় ৪০ জন শিক্ষার্থী।

দুপুর ২টা ১০ মিনিটের দিকে জগন্নাথ হল ইউনিয়নের সহ-সভাপতি ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস এবং জগন্নাথ হল ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল দাসের নেতৃত্বে রাজু ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে বসেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

তবে ওইদিন দেশব্যাপী উদযাপিত হতে যাওয়া হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে গত ৬ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।

পরে গত ১৪ জানুয়ারি রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। তথ্য সূত্র- ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।

এমবি