রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট এবং ফরমের মূল্য কমানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশন।
বৃহস্পতিবার দুপুরে ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ফেডারেশনের প্রতিনিধি দল উপাচার্যের কার্যালয়ে পৃথক স্মারকলিপি পেশ করে।
ছাত্রফ্রন্টের স্মারকলিপিতে আসন্ন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য কমানোর দাবিসহ পাঁচদফা দাবি জানানো হয়।
অন্য দাবিগুলো হলো, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভর্তি বাণিজ্য এবং প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য হেলপ সেন্টার স্থাপন করতে হবে।
ছাত্রফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মহর আলী, অর্থ সম্পাদক তাশনুভা তাহরীন অন্তরা প্রমুখ।
এদিকে প্রায় একই সময়ে দুই দফা দাবিতে স্মাকরলিপি পেশ করে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে নানারকম যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। অথচ বিশ্ববিদ্যালয়ের একটি যৌন নিপীড়নবিরোধী সেল আছে। কিন্তু সাধারণ ছাত্ররা তা সম্পর্কে কিছু জানে না।
ক্যাম্পাসে যৌন নিপীড়ন বন্ধের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রের কাছে এই নীতিমালা পৌছানো এবং এই সম্পর্কে সচেতনতা বাড়াতে গণওরিয়েন্টশন ক্লাশের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
এছাড়া আসন্ন ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু ছাত্রদের অথনৈতিকসহ সব ধরনের ভোগান্তি দূর করতে ভর্তি পরীক্ষার ইউনিট আটটি থেকে কমিয়ে চারটি ইউনিট (ক, খ, গ ও ঘ) করার দাবি জানানো হয়।
ছাত্র ফেডারেশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, সাধারণ সম্পাদক যারিফ অয়ন, সাংগঠনিক সম্পাদক নুরুল নাহিদ, অর্থ সম্পাদক তমাশ্রী দাস প্রমুখ।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





