রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাশ-পরীক্ষা নিয়মিত অনুষ্ঠানসহ সামগ্রিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখার বিষয়ে ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালকসহ অফিস প্রধানদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সিনেট ভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ভিসি তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থানে থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে নিরবিচ্ছিন্ন ও গতিশীলতার সাথে অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় তিনি দেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার প্রতিও সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ান জাহান গত ১ মার্চ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অনুষ্ঠিত সভার সারসংক্ষেপ সকলকে অবহিত করেন। ভিসি তাঁর বক্তব্যে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সহযোগিতাও কামনা করেন।
তাছাড়াও তিনি বিভিন্ন অনুষদের অধিকর্তাবৃন্দকে স্ব-স্ব অনুষদভুক্ত বিভাগসমূহের একাডেমিক কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালানোর ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। এ আহ্বানের প্রেক্ষিতে উপস্থিত সকলেই সহমত ব্যক্ত করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার প্রফেসর মু.এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন, প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান অনুষদের অধিকর্তা, ইনস্টিটিউটর পরিচালক, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতিবৃন্দ এবং বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
কেএইচ





