রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর একেএম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় ক্যাম্পাসে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ড. শফিউল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করছে সমাজবিজ্ঞান বিভাগ। সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
এদিকে শিক্ষক হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষা বন্ধ রয়েছে। তবে ২০১৪-১৫ সেশনের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চালু রয়েছে।
এছাড়াও এ কর্মসূচির পাশাপাশি সোমবার থেকে সাতদিন কালোব্যাজ ধারণ অব্যহত বয়েছে।
সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, রাবি উপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান চৌধুরী। মানববন্ধনের সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার। এছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের কর্মীরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। ১৫ দিনের আল্টিমেটামের ২দিন পার হয়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে বক্তারা আগামী ১৩ দিনে মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারি প্রদান করেন।
পরে মানববন্ধন শেষে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এবং সাংস্কৃতিক জোটের কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাজবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
এমএইচ/এএইচ





