ঊনসত্তরের গণঅভ্যূথানকালে ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রসায়ন বিভাগের শিক্ষক  প্রফেসর ড. শামসুজ্জোহা। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসাবে পালন করেছে।

দিবসের কর্মসূচিতে ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৬টা ৪৫ মিনিটে ভিসি প্রফেসর ড. মিজানউদ্দিন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সায়েন উদ্দিন ও রেজিস্ট্রার প্রফেসর ড.এন্তাজুল হকসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুস্পর্স্তবক অর্পণ করার পরে সেখানে এক মিনিট নীরবতা পালন করেন।

এরপর রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন, এ্যালামনাই এসোসিয়েশন প্রভাত ফেরীসহ শহীদ জোহার মাজার ও স্মৃতিফলকে পুস্পস্তক অর্পণ করে। সকাল ৯ টার দিকে অফিসার সমিতি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর শাহ আজমের পরিচালনায় সিনেট ভবনে ‘শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতা’য় ‘বাংলাদেশ: শিক্ষা, সমাজ’ শীর্ষক প্রবন্ধ অনুষ্ঠিত্ব হয়। এতে প্রবন্ধ পাঠ করেন প্রখ্যাত কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক।

তিনি তাঁর প্রবন্ধে বলেন, ‘প্লেটো তাঁর ‘রিপাবলিক’-এ জানাচ্ছেন একটি রাষ্ট্র যখন তার সকল নাগরিক-কে শিক্ষাদানের ব্যবস্থা নিচ্ছে না, তখন সে রাষ্ট্র আর কি করছে তাতে কিছুই আসে না। প্লেটো রাষ্ট্র পরিচালিত নির্দিষ্ট শিক্ষাব্যবস্থা নারী-পুরুষ সকলের  জন্য বাধ্যতামূলক করতে বলেন। তাতে রাষ্ট্র একটা একমুখী গতি পায়।

এখন শিক্ষা নিয়ে ভাবনায় অনেক পরির্বন ঘটেছে। একমুখী শিক্ষাব্যবস্থা বাতিল হয়েছে। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজন মতো বহুমুখী শিক্ষাও তেমনি বিচিত্র হয়েছে। এটাই স্বাভাবিক সমাজের কর্মকান্ড ও প্রয়োজন দিন দিন নানা দিকে ছড়িয়ে যাচ্ছে।

দেশের উচ্চশিক্ষার কেন্দ্রগুলি থেকে যারা বেরিয়ে আসছেন তাদের ব্যবহার করা যাচ্ছে না- কিংবা নিতান্ত খাটো সাধারণ কাজ ছাড়া আর কিছু দেওয়া যাচ্ছে না সেকি আমাদের সম্পদের অভাবে? এরা নিজেরাই কি সম্পদ নয়? কিংবা সত্যিই যোগ্য দক্ষ কর্মী নাগরিক সৃষ্টি হচ্ছেনা। আমার মনে হয় না সম্পদের অভাবে এই অবস্থা।’

অনুষ্ঠানে শহীদ ড. জোহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

শিক্ষক দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত, প্রদীপ প্রজ্বলন ও চলচ্চিত্র প্রদর্শনী। এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

এসএইচ