জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে মারাত্মক জখম করেছে ছাত্রলীগের কর্মীরা। আহত শিক্ষার্থীর নাম আশরাফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ও পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী কায়সার আহমেদ অভির নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ কর্মী একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তৌহিদ হাসান তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
জানা যায়, কদিন আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলা চলাকালীন সময়ে পানি আনাকে কেন্দ্র করে আশরাফুল অভিকে চড় মারেন। তার জের ধরে তার ওপর হামলা করা হয়। এ বিষয়ে প্রক্টর তপন কুমার সাহা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে ব্যস্থা নেওয়া হবে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





