বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবিতে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে তাজহাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৮-৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আজম ফাইন, ম্যানেজমেন্ট বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুব্রত ঘোষ ও স্থানীয় টোকাই ফিরোজ মিয়া।
রংপুর মেট্রোপলিটন পুলিশ-আরপিএমপির তাজহাট থানার অফিসার ইনচার্জ শেখ রোকনুজ্জামান জানান, গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার এলাহী হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ফয়সাল আজম ফাইনকে প্রধান আসামি করে ৯জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আসামি করে মামলা করে। মামলায় শহীদ মুখতার এলাহী হলে তার নিজ কক্ষে ভাংচুর করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর এবং লুটপাটের অভিযোগ তোলেন তিনি।
ওসি রোকনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার দায়েরকৃত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফয়সাল আজম ফাইনের অনুসারীরা ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে।
এমবি





