ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে জুতা নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হল কর্তৃপক্ষ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে।
আহতরা হলেন জিয়া হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাদিকুর রহমান সিফাত, কর্মী শাকিল, রাকিব, আব্দুল্লাহ আল মুবিন, রিয়াজ, আসাদ, অভি, ফুয়াদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান শাওনের নিয়ন্ত্রণাধীন ১০৯ নম্বর কক্ষ থেকে ছাত্রলীগ কর্মী শাকিলের এক জোড়া জুতা হারিয়ে যায়। সেই জুতা হল শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের নিয়ন্ত্রণাধীন ১১০ নম্বর কক্ষে পাওয়া যায়।
হারানো জুতা খুঁজে পেয়ে তা নিয়ে যাওয়ার সময় মোতাহার হোসেন প্রিন্স সংশ্লিষ্টদের গালাগাল করেন। তা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষই লাঠিসোঁটা ব্যবহার করে। এতে শাকিলসহ উভয় পক্ষের নয়জন আহত হন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে।
এ সম্পর্কে হল শাখা ছাত্রলীগের সভাপতি সালমান প্রধান শাওন বলেন, ‘ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। তবে প্রশাসনকে নিয়ে তা মিটমাট করে দেয়া হয়েছে।’
হল শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ‘যারা সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা সাধারণ ছাত্র। ছাত্রলীগের কোনো কমিটিতে তারা নেই।’
হল প্রাধ্যক্ষ আ ব ম ফারুক বলেন, ‘হলের মধ্যে এ ধরনের ঘটনা অনাকাঙ্খিত। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে। পরবর্তী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
জুতা নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে জুতা নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হল কর্তৃপক্ষ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে।





