রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিবির নেতা রাসেল আলমের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আগামী বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাবি শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা কথা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাসেল আলমের ওপর হামলাকারী ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনও কোন ব্যবস্থা নিচ্ছে না। যা আইনের শাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিবির নেতা রাসেলের ওপর হামলাকারী ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের আহ্বান করা হয়েছে। এ ধর্মঘট সফল করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বানও জানান হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ১৬ই জুন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সামনে নবাব আব্দুল লতিফ হল শাখার সাধারণ সম্পাদক রাসেল আলমের ডান পা কেটে বিচ্ছিন্ন করে দেয় এবং তার উরুতে দুই রাউন্ড গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর