আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অবিলম্বে বাতিল করে পুনরায় পরীক্ষা নিয়ে যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়ার আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ আহবান জানান।

বিবৃতি তিনি বলেন,গত সেপ্টেম্বর মাসে গৃহীত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই ভর্তি পরীক্ষা বাতিলের যে দাবি জানাচ্ছে তা যৌক্তিক ও ন্যায়সঙ্গত।

মেডিকেল কলেজে ভর্তির জন্য গৃহীত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ ওই ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছে। ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গত ২১ সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে। অভিভাবকগণও আন্দোলনে অংশগ্রহণ করছে।

সরকার আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকগণের ন্যায়সঙ্গত দাবি অগ্রাহ্য করে একগুঁয়েমির আশ্রয় নিয়ে নির্যাতন-নিপীড়ন চালিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমন করার অপচেষ্টা চালাচ্ছে।

গত ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে কিল-ঘুষি দিয়েছে। তারা ছাত্রীদেরও কিল-ঘুষি দিয়েছে। আজকে শিক্ষার্থীদের সমাবেশে পুলিশ হামলা করে ৩৫ জন শিক্ষার্থীকে আটক করেছে এবং বন্দুকের বাট দিয়ে পিটিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত করেছে।

এ সময় পুলিশ লাঠি পেটা করে ও টেনেহিঁচড়ে একজন ছাত্র এবং একজন ছাত্রীর পোশাক ছিড়ে ফেলেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আটককৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানাচ্ছি।

সরকারের স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল কলেজে ভর্তির জন্য গৃহীত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে যে বক্তব্য দিয়েছে তা মোটেই সত্য নয়। জনগণকে বিভ্রান্ত করার হীন উদ্দেশ্যেই এ বক্তব্য প্রদান করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন ব্যক্তিকে গ্রেফতার করেছিল। এখন প্রকৃত সত্য আঁড়াল করার অসৎ উদ্দেশ্যেই সরকার বলছে যে, তাদের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি। সরকারের এ দাবি শিক্ষার্থী ও জনগণের নিকট গ্রহণযোগ্য নয়।

যারা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে অযোগ্য ও মেধাহীন শিক্ষার্থীদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়ে যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে তারা সরকারী দলের লোক।

তাদের বাঁচানোর উদ্দেশ্যেই সরকার এখন প্রচার করছে যে, মেডিকেল কলেজে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। সরকারের এ ধাপ্পাবাজি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ মানতে রাজি নয়।

তাই একগুঁয়েমি পরিহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে অবিলম্বে মেডিকেল কলেজে ভর্তির জন্য গত মাসে গৃহীত পরীক্ষা বাতিল করে পুনরায় নতুনভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করে যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এআর