রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আমজাদ হোসেন রাসেল নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে তার কাছে চাঁদা দাবি করে বলে জানা যায়।

রোববার গভীর রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাসেল নেত্রকোনার বারহাট্টা থানার তেলকুড়ি এলাকার ছৈহিদুল হকের ছেলে। আটককালে তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম জানান, আমজাদ হোসেন রাসেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অধীনে কাজ করতেন। এ সময় পেশাগত কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

এর প্রেক্ষিতে রাসেল প্রতিহিংসা পরায়ণ হয়ে ওই শিক্ষকের স্ত্রীকে অশ্লীল ছবি সম্বলিত পার্সেল পাঠান। সেই সঙ্গে মোবাইলে ফোন করে গালিগালাজ করেন।

পরে মোবাইল ফোনে এসএমএসের (ক্ষুদে বার্তা) মাধ্যমে ই-মেইল আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করেন, যাতে অশ্লীল ছবি আপলোড করা ছিল। রাসেল অশ্লীল ছবিগুলি এডিট করে শিক্ষিকাকে সামাজিক মর্যাদাহানির হুমকি দেন ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবিও করেন।

পরে শিক্ষিকা মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে র‌্যাবের কাছে অভিযোগ দেন।

মেজর শফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা কার্যক্রমের এক পর্যায়ে অপরাধী শনাক্তসহ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ১৪ ডিসেম্বর রাত আড়াইটার দিকে রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ হোসেন রাসেল তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বর্তমানে তাকে মতিহার থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান মেজর শফিকুল।

এসএইচ/জেআই