জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ ২ ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শিক্ষককে প্রাণনাশের হুমকিদাতা এই নেতাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিষ্কৃত অপর ২জন হলেন-ছাত্রলীগ জবি শাখার সাংগঠনিক সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র শামীম। এছাড়া পরিসংখ্যান বিভাগের প্রাক্তন ছাত্র শ্যামন মোল্লকে ‘কেন তার সার্টিফিকেট বাতিল করা হবে না’-মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে,গত বৃহস্পতিবার রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ সৈয়দ আলমকে লাঞ্ছিত ও অস্ত্রের মুখে ৫ লাখ টাকার নথি স্বাক্ষরের জন্য প্রাণনাশের হুমকি দেন ছাত্রলীগের ১ কর্মী ও ২ নেতা।
গত বছর বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলায় ছাত্রদের একটি কমনরুমের জন্য ৫ লাখ টাকার আসবাবপত্র ক্রয়ের টেন্ডার আহ্বান করা হয়েছিল। অধ্যাপক ড. সৈয়দ আলম এর দায়িত্বে ছিলেন।
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]