রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক শাকিলা খাতুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, সহ-সভাপতি তাসনুভা তাহরিন অন্তরা, সাধারণ সম্পাদক সামসুজ্জোহা সাদিক প্রমূখ।

বক্তারা বলেন, আমাদের সমাজে নারীদের ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়। নারীরা ঘরে-বাইরে সব জায়গাতেই নির্যাতন ও যৌন নিপীড়নের শিকার হচ্ছে। কিন্তু রাষ্ট্র তাদেরকে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারছে না। এমনকি নিরাপত্তার বিষয়ে কোনো পদক্ষেপও নিচ্ছে না।

বক্তারা আরো বলেন, আমাদের যুব সমাজ মাদক দ্রব্য ও পর্নগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে এবং নারী ও শিশুদেরকে বিভিন্নভাবে যৌন হয়রানি ও নির্যাতন করছে।

সমাবেশ থেকে বক্তারা নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এসব নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

এসএইচ