নরসিংদীতে ঈদ উপলক্ষে মেঘনা নদীতে নৌ ভ্রমণে গিয়ে দুপক্ষের মারামারিতে অনিক মিয়া নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নাগরিয়াকান্দিতে সেতুর নিচে এই ঘটনা ঘটে।

নিহত কিশোর অনিক (১৬) সদর উপজেলার কালাইগোবিন্দপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে। সে সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। শহিদুল্লাহ মিয়া সপরিবারে নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

নিহতের মামা সবুজ মিয়া জানান, ঈদ উপলক্ষে মেঘনা নদীতে নৌকা ভ্রমণে যায় অনিকসহ অন্য সঙ্গীরা। ফেরার পথে অপর একটি নৌকার লোকজনের সঙ্গে কাদা ছোড়াছুড়ি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। দুটি নৌকা নাগরিয়াকান্দিতে সেতুর নিচে এলে দুপক্ষই লাঠিসোটা নিয়ে মারামারি শুরু করে। এ সময় অনিকের ওপর হামলা চালায় অপর পক্ষের লোকজন। তারা অনিককে পানিতে ফেলে মাথায় আঘাত করে। এরপর নিখোঁজ হয় সে। উপস্থিত লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে নদী থেকে উদ্ধার করে। এরপর নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানান, মেঘনা নদী থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও পারিপার্শ্বিক ঘটনা বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমবি