বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতারা অ্যাম্বুলেন্সটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এ সময় রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সংস্কার ও উন্নয়নের বিষয়ে ২০২৫ সালের শুরুতেই সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের নির্বাচনী ইশতেহারেও এ বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ছিল।

তিনি বলেন, চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এবার বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। মেডিকেল সেন্টারে লজিস্টিক সহায়তা ও বিশেষায়িত চিকিৎসকের প্রয়োজনীয়তা নিয়েও প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

মুজাহিদ ফয়সাল আরও বলেন, তাঁদের ইশতেহারে বিশ্ববিদ্যালয়ে ১০ শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। বর্তমান প্রশাসনের সময়েই এটি বাস্তবায়ন হবে বলে তাঁরা আশা করছেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীদের চিকিৎসাসেবার অন্যতম সমস্যা হলো বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সীমাবদ্ধতা। সেই সমস্যা কমাতে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে।

তিনি বলেন, দলমত নির্বিশেষে সব শিক্ষার্থীর ব্যবহারের জন্যই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি মেডিকেল সেন্টারের অন্যান্য সীমাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. মাহফুজা সিদ্দিকা লিপি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কাছাকাছি হওয়ায় জরুরি রোগীদের সেখানে নেওয়ার প্রয়োজন হয়। একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে বাইরে গেলে অনেক সময় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আরেকটি অ্যাম্বুলেন্সের সংকট তৈরি হয়।

নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় এ সংকট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, প্রশাসন একজন চালক নিয়োগ দিলে অ্যাম্বুলেন্সটি নিয়মিতভাবে শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ব্যবহার করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয় ও ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

এস