সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অধ্যাপক মুনসী হুমায়ুন কবির জানান, এর আগে দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সময় ২৭ ও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই সময়সীমা বাড়িয়ে ১ অক্টোবর করা হচ্ছে।
আবেদনের সময় বাড়ানোর কারণ ব্যাখ্যা করে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থী এখনো একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ার বাইরে রয়েছে। প্রথম ধাপে অনেকে আবেদন করেননি, আবার আবেদন করেও কেউ কেউ নির্ধারিত সময়ে নিশ্চয়ন করেননি। এর ফলে শেষ পর্যন্ত অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারেননি।
তিনি বলেন, প্রায় তিন লাখ শিক্ষার্থী এখনো ভর্তির বাইরে থাকায় তাদের সুযোগ দিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত বড়সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি কার্যক্রমের বাইরে রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
নতুন করে আবেদনের সময় বাড়ানোর ফলে দ্বিতীয় ধাপের ফল প্রকাশের সময়ও কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে শিক্ষার্থীদের সুবিধার জন্য আবেদন প্রক্রিয়ায় নমনীয়তা রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় আবেদন গ্রহণ শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষার্থীরা আগামী ১ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ধাপে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
এস











