কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া আটক শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

আজ (বৃহস্পতিবার) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্ম-আহ্বায়ক আফসানা সাফা ইমু এই ঘোষণা দেন।

আফসানা সাফা ইমু বলেন, “আমরা যৌক্তিক একটি আন্দোলন করছি। কিন্তু সেই আন্দোলনে ছাত্রলীগ হামলা করে। যারা হামলা করেছে তাদের আটক না করে যারা অপরাধ করেনি তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

“আটকদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করবো। তাদের জেলে রেখে আমরা ক্লাসে যাব না।” বলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্ম-আহ্বায়ক।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল করেছেন।

আজ (০৫ জুলাই) দুপুরে বিভিন্ন ছাত্রী হলের শিক্ষার্থীরা‘নিরাপদ ক্যাম্পাস চাই’ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।  

মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলা হয়ে দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে দাঁড়ায়। এ সময় ‘এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন’, ‘আমার ভাই মার খেল কেন? প্রশাসন জবাব চাই’বলে স্লোগান দেন ছাত্রীরা।

উল্লেখ, বেগম রোকেয়া হলে গত রাতে সাড়ে ১০টা, শামসুন্নাহার হলে রাত সাড়ে ১১টা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে রাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এমবি