ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে এ সমঝোতা হয়।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসির দফতরে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. ষড়োশীমোহন দাস উপস্থিত ছিলেন।

উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার ও একাডেমিক সভার আয়োজন এবং স্বল্পমেয়াদী একাডেমিক, ফলাফলভিত্তিক আন্তঃবিভাগীয় গবেষণা ও মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, একাডেমিক তথ্য ও গবেষণা উপাত্ত বিনিময় করবে।

কেএইচ