প্রশাসনিক মদদপুষ্ট ছাত্রলীগের নৈরাজ্য এবং সাধারণ ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা। একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে সংগঠনটির ৩৬তম জাতীয় কাউন্সিলের কর্মসূচিও ঘোষিত হয়।
আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সংগঠনের সহ-সভাপতি আরিফুল ইসলাম নাদিমকে চেয়ারম্যান ও সাংগাঠনিক সম্পাদক মঞ্জুর মইনকে আহ্বায়ক মনোনীত করে ৩৭১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এসএম শুভ, সাধারণ সম্পাদক হাসান তারেক, ঢাবি শাখার সভাপতি মারুফ বিল্লাহ তন্ময়সহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতারা।
অন্যদিকে রাবিতে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রফ্রন্ট। ছাত্রফ্রন্ট এঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার সন্ধ্যায় ক্যাম্পাস থেকে এক প্রতিবাদ মিছিল বের বের করে। পরে শাহবাগ মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ থেকে বর্ধিত ফি এবং সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবি জানানো হয়। এবং সাধারণ শিক্সার্থীদের উপর হামলাকারী পুলিশ ও ছাত্রলীগ ক্যাডারদের শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ব্যর্থ প্রক্টরের পদত্যাগ দাবি করে ছাত্রফ্রন্ট নের্তৃবৃন্দ।
[b]ঢাকা, জেইউ, ৩ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি) // কে বি[/b]