দ্রুত ফল প্রকাশ এবং গণহারে ফেল করানোসহ ঢাবি'র বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা। এর ফলে নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ঢাবির সব নোটিশ স্পষ্টভাবে দেওয়া ও কলেজে পৌঁছানো, খাতার মূল্যায়ন সাত কলেজের শিক্ষকদের করা, পয়েন্ট নীতি বাতিল করে ইমপ্রুভ সিস্টেম চালু করা, খাতার পুনর্মূল্যায়ন ও ইনকোর্স রেজাল্ট প্রকাশ করে দেখানো।

এদিকে ইডেন কলেজের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা ডিপার্টমেন্টে তালা দিয়ে ক্লাস, ইনকোর্স পরীক্ষা বর্জন করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ভালো পরীক্ষা দিয়েও গণহারে ফেল করেছেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিজিপিএ ২-এর কম পেলে পরবর্তী বর্ষে শিক্ষার্থীকে উন্নীত করা হয় না। কিন্তু শিক্ষার্থীদের দাবি, এ ধরনের কোনো নোটিশ আগে জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগেও ঢাবির বিভিন্ন খামখেয়ালির প্রতিবাদে কয়েকবার রাস্তায় নেমেছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীবৃন্দ।

জেড

জেড