প্রযুক্তির এই যুগে সারা বিশ্বকে হাতের মুঠোয় আনতে ইন্টারনেটের বিকল্প নেই। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সফলতার কথা চিন্তা করতে গেলে প্রথমে প্রয়োজন হয় নেটওয়ার্ক তথা ইন্টারনেটের। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ্যাওয়ারনেস অন বিডিরেন এন্ড ডিজিটাল লাইব্রেরী শীর্ষক সেমিনারে শেকৃবি উপাচার্য প্রফেসর মো.শাদাত উল্লা এসব কথা বলেন।
শিক্ষা, গবেষণা, সম্প্রসারণ এই সব ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। এজন্য আন্ডারগ্রাজুয়েট লেভেল থেকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধায়নে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হতে যাওয়া অ্যাওয়ারনেস অন বিডিরেন অ্যান্ড ডিজিটাল লাইব্রেরী শীর্ষক অনুষ্ঠানের যাত্রা শুরু হয় রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এতে সভাপতিত্ত্ব করেন শেকৃবি উপাচার্য প্রফেসর মো.শাদাত উল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো.হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রফেসর ড. মো.আকতার হোসাইন, মেম্বার (ইউজিসি)।
বিশেষ অতিথির বক্তব্যে ড. আক্তার হোসাইন বলেন, সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্টারনেটের আওতায় আনতে এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিডিরেন কাজ শুরু করেছে।
তিনি বলেন, আগামী বছরের মে মাসের মধ্যে যে সব বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস রুম নির্মাণ করা হয়েছে সে গুলো চালু করা হবে। ফলে উচ্চ শিক্ষা আর গবেষণার গতি আরো ত্বরান্নিত হবে।
জেডআই





