ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় গুরুতর আহত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর (২৫) অবস্থার উন্নতি হয়েছে।
সোমবার সকালে তার লাইফসাপোর্ট খুলে নেয়া হয়েছে। স্থানান্তর করা হয়েছে হাসপাতালের ইউরোলজি বিভাগের ওয়ার্ডে।
সোমবার বেলা ১১টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসক আলাউদ্দিন বলেন, ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান সোমবার জানান, সকাল ৮টার দিকে তুহিন ফারাবী চোখ মেলেছিলেন। কিছুক্ষণ পর আবার চোখ বন্ধ করেন। ভিপি নুরের অবস্থার বর্ণনায় তিনি জানান, ডাকসুর ভিপি নুরুল হক নুরের অবস্থা আগের মতোই আছে।
এরআগে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হককে তার কক্ষে ঢুকে আলো নিভিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ মঞ্চের অনেকেই ছাত্রলীগের নেতাকর্মী।
এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে গতকাল রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
ঘটনার সময় হামলাকারীরা পরিষদের যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেন। সুহেল হাসপাতালে ভর্তি আছেন।
সুহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক দফা মারধরের শিকার হন আরেক যুগ্ম আহ্বায়ক ফারাবী। এ ছাড়া হামলায় আহত নুরুলের ভাই আমিনুর হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন।
এএস





