ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের দুর্বল পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা চলছে। কেন এমন ফল সে প্রশ্নের জবাব দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
বৃহস্পতিবার সকালে এইচএসসি ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। আমাদের ধারণা, তারা দীর্ঘদিন পড়ার টেবিল থেকে দূরে ছিল।
ফলাফলের এমন ধসের পর করণীয় প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান বলেন, এই ফলাফল নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বসতে হবে, শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে। যে প্রতিষ্ঠানগুলো শতভাগ ফেল করেছে, তাদের উদ্বুদ্ধ করতে হবে। যারা ভালো করেছে, তাদেরও অভিনন্দন জানানো উচিত।
তিনি আরও বলেন, যারা ফেল করেছে, তাদের বলবো এটিকে জীবনের চূড়ান্ত মূল্যায়ন হিসেবে দেখবেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করবো, যেন তারা এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ায়।
ফলাফল খারাপ কি না এমন প্রশ্নের জবাবে ড. এহসানুল কবির বলেন, এই ফলকে আমি খারাপ বলবো না, বরং বলবো এটি বাস্তবতা। কিছু জায়গায় ফলাফল কমেছে, কিছু জায়গায় ভালো হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগরে ফল তুলনামূলক ভালো—এখানে ফেল করেছে ১৬ শতাংশ শিক্ষার্থী।
তিনি আরও জানান, আমরা কাউকে ছক বেঁধে পাসের হার বাড়ানোর নির্দেশ দিইনি। সরকারের নির্দেশনা ছিল—নিয়ম মেনেই সব করতে হবে, সেটিই করা হয়েছে।
এনএইচ