জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলার আসামী একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মাহমুদুল হাসান মাসুদকে (ইতিহাস-৩৭ব্যাচ) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে মাস্টার রোলে কর্মরত নিম্নমান সহকারি কাম-কম্পিউটার মো. মাহমুদুল হাসান মাসুদ চার্জ শীটভুক্ত আসামী হওয়ায় এবং তার বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন থাকায় বিশ্ববিদ্যালয়ের চাকরি (মাস্টাররোল) হতে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

৯ জানুয়ারি জুবায়ের হত্যার দিবস উপলক্ষে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে এ সর্ম্পকিত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

পরবর্তীতে রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন অফিস আদেশ জারির মাধ্যমে মো. মাহমুদুল হাসান মাসুদকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

৮ জানুয়ারি ভিসি প্রফেসর ফারজানা ইসলাম চাকরি অব্যাহতির বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেন।

সাবেক ভিসি মো. আনোয়ার হোসেনের সময়ে তাকে এ চাকরি দেয়া হয়। তার বাবা ইউনুস আলী সিকদার বিশ্ববিদ্যালয়ে চাকরিরত অবস্থায় মারা যাওয়ার ফলে মূলত তাকে এ চাকরি দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, জুবায়ের (ইংরেজি-৩৭ ব্যাচ) হত্যা মামলার ১৩ আসামীর মধ্যে ৭ জনকে আজীবন ও মাসুদসহ ৬ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসএইচ