বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রামপুরা ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে রামপুরা ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সড়ক অবরোধে জনদুর্ভোগ যাতে না হয় সেজন্য পুলিশের এ প্রস্তুতি বলে সংশ্লিষ্টরা জানান।

শিক্ষার ওপর ভ্যাট আরোপের প্রতিবাদে বুধবার দুপুর থেকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ কর্মসূচি পালনকালে তারা শিক্ষার ওপর ভ্যাট আরোপের প্রতিবাদে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।

বিকেলে শান্তা মারিয়া, ড্যাফোডিল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

সন্ধ্যা থেকে অবরোধে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিতে শুরু করেন। পরে রাত ১০টার দিকে জনদুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ তুলে মূল সড়ক থেকে সরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

তবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আবারও অবরোধ কর্মসূচি শুরু করার কথা জানানো হয়। অবরোধে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি ও এআইইউবির শিক্ষার্থীরা অংশ নেবেন বলে শিক্ষার্থীরা জানান।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বাড্ডা থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, এখনও সড়কে কেউ আাসেনি। ওই এলাকায় নিরাপত্তা জোরদাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারাও রয়েছেন।

পুলিশের বাড্ডা থানার এসআই মো. কামরুল বৃহস্পতিবার সকালে জানান, সড়ক যাতে বন্ধ না থাকে, জনদুর্ভোগ যাতে না বাড়ে এবং নিরাপত্তার স্বার্থে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। শিক্ষার্থীরা এখনও সড়কে আসেননি।

এমকে