ছাত্রজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে স্থান করে নিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স) এর চার শিক্ষার্থী।
মনোনীত চার শিক্ষার্থী হলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের তনিমা রহমান তন্নি,টেক্সটাইল ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সোলায়মান বিন আলী,ফ্যাশন এন্ড এপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর সাজিদ এলাহী এবং বিজনেস স্টাডিজ অনুষদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ এর আয়েশ সিদ্দিকা ইমু। তাঁদের প্রত্যেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নিজ নিজ বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়ে দারুণ উচ্ছ্বসিত তাঁরা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সোলায়মান বিন আলী "টাইমনিউজবিডি ডট কম" কে বলেন, "এটা একটা স্বর্গীয় অনূভুতির ন্যায় যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমি আসলেই অনেক খুশী।" পদকের জন্য মনোনীত হওয়ায় মহান আল্লাহ, তার বাবা-মা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে পদকের জন্য মনোনীত হয়ে সকলের শুভকামনা প্রত্যাশা করেন আয়েশা সিদ্দিকা ইমু। তিনি বলেন, 'স্বর্ণপদকের জন্য মনোনীত হয়ে আমি দারুণ আনন্দিত।' এ জন্য কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে আরও বলেন, 'বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের অনুপ্রেরণা আর নিজের কঠোর পরিশ্রম আমাকে এ সফলতা এনে দিয়েছে।"
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।
তাসবিহ/এমআর