শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে এ ধর্মঘটের ডাক দেয় তারা।
এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় লোক প্রশাসন বিভাগে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার করে শাবি প্রশাসন।
এছাড়া ওই বিভাগের সহকারী অধ্যাপক নাছির উদ্দিনকে এক বছরের জন্য একাডেমিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তাকে পদাবনতি করা হয়েছে। তবে সিন্ডিকেট বৈঠকের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তারা লোক প্রশাসন বিভাগের শিক্ষক নাছির উদ্দিনকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেয়।
৩০ মার্চ বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রী মাস্টাররোলের অধীনে কর্মরত কর্মচারী আবু সালেহ কর্তৃক যৌন হয়রানির শিকার হন। বিষয়টি লিখিতভাবে বিভাগের প্রধানকে জানালেও তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি বলে জানায় শিক্ষার্থীরা।
যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত কর্মচারীর বিচারের দাবিতে আন্দোলনে নামে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে ওই ছাত্রী সম্পর্কে বিভাগীয় সভায় কটুক্তি করার অভিযোগে সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিনের পদত্যাগ ও শাস্তি দাবি করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এরপর প্রশাসন তদন্ত সাপেক্ষে ১০ এপ্রিলের মধ্যে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। একই সঙ্গে  দুটি তদন্ত কমিটি গঠন করে ১০ এপ্রিল পর্যন্ত বিভাগের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। তিন দফা দাবিতে মানববন্ধন,মিছিল ও গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]