অভ্যন্তরীণ কোন্দলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রুস্তম আলী আকন্দকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবারের ডাকা ধর্মঘট চলছে। এতে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এ ধর্মঘটের ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা।
উল্লেখ্য, শুক্রবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের নিজ কক্ষে (২৩০) আকন্দ গুলিবিদ্ধ হয়। পরে শিক্ষার্থীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হলের আবাসিক ছাত্রদের সূত্রে জানা যায়, রাবি ছাত্রলীগের সহ সভাপতি মেহেদি হাসানের গুলিতে খুন হয় রুস্তম আলী। তবে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি শিবিরের হাতে খুন হয়েছেন।
[b]ঢাকা, ৫ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]