বৈঠক চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ১৭ জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ।
রোববার রাত পৌনে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর স্কুল এন্ড কলেজ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহি, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নাজমুল হক, জিয়াউর রহমান হলের আহ্বায়ক পাপন, শহীদ হবিবুর রহমান হলের ইমদাদ, সোহরাওয়ার্দী হলের সানিম, শহীদ জোহা হলের জনি, আমির আলী হলের নির্মল, শাহ মখদুম হলের নির্মল ও শেরে বাংলা হলের জাফর। অন্যদের নাম পাওয়া যায়নি।
আটক নাজমুল হক মির্জাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বলে জানা গেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা গোপন বৈঠক করার সময় তাদেরকে আটকিয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ গিয়ে মির্জাপুর কলেজ সংলগ্ন পুকুর পাড় থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ জনকে আটক করে।
তাদের মতিহার থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাত্রদল নেতাকর্মীদের সোমবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
তবে আটকৃত ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ দাবি করেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অধ্যক্ষের অনুমতি নিয়ে মির্জাপুর স্কুল এন্ড কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হল কমিটি ও ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান নিয়ে একটি বৈঠক করছিলাম।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেলের নেতৃত্বে একদল নেতাকর্মী এসে আমাদের কক্ষে তালা লাগিয়ে দেয়।
তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতাকর্মী আমাদের আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করার নাম করে থানায় নিয়ে আসে।
এসএইচ





