রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য এবারো ৮টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা ও ফরমের মূল্য গত শিক্ষাবর্ষের অনুরূপ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৭.৫ থাকতে হবে।

বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.৫ এবং বাণিজ্য শাখার শিক্ষাথীদের ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া ইউনিট ও বিভাগকর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।

তিনি আরও জানান, আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার জন্য আবেদন ফি বৃদ্ধি না করে গত শিক্ষাবর্ষের অনুরূপ রাখা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, প্রথমে আমরা ৩টি ইউনিটের মাধমে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য প্রস্তাব করেছিলাম। কিন্তু বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে গতবারের ন্যায় ৮টি ইউনিটেই পরীক্ষা নেয়া হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদে একটি করে বিভাগ বৃদ্ধি হলেও ফরমের মূল্যের কোনো পরিবর্তন করা হয়নি।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ