ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার দাবিতে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাবি টিএসসির সামনের সড়ক দ্বীপে রাজু ভাস্কর্যের সামনে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলত শিক্ষার্থীরা অভিযোগ করেন, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ভর্তি প্রস্তুতির জন্য যথেষ্ঠ সময় পান না তারা। তাছাড়া বিভিন্ন শিক্ষাবর্ষে দেখা গেছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়া শিক্ষার্থীরাই ঢাবিতে চান্স পেয়েছে বেশি।

তারা বলেন, এবারও গত বারের ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা দিয়ে ‌উত্তীর্ণ হয়েছেন। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত আমাদের হতাশ করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএম আমজাদ আলী জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুমতি নিয়েছেন।

এদিকে সকাল ১০টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ভর্তিচ্ছুরা টিএসসির সড়ক দ্বীপে জড়ো হয়েছেন।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবিতে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন তারা।

কেএইচ