রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিসংখ্যান দিবস ২০১৫ পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবন চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

এসময় সেখানে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা, পরিসংখ্যান বিভাগের পতাকা ও পরিসংখ্যান এ্যালামনাই এসোসিয়েশনের পতাকা উত্তোলন করা হয়।

এরপর পরিসংখ্যান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও পরিসংখ্যান পেশাজীবীদের এক শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিন করে। বেলা ১১টায় তৃতীয় বিজ্ঞান ভবন চত্বরে ‘বেটার ডাটা, বেটার লাইভস’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পরিসংখ্যান গবেষণা বিষয়ক প্রদর্শনী ও ভিডিও প্রদর্শন।

বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রিপতার হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. আব্দুল ওয়াজেদ এবং রাজশাহী ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্যাল এ্যালামনাই এর সাধারণ সম্পাদক মো. আইউব আলী খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান দিবস উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. আমিনুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, প্রাকৃতিক বিজ্ঞানসহ সামাজিক বিজ্ঞান, মানবিক এবং জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় এখন পরিসংখ্যানের সর্বব্যাপী ব্যবহার হচ্ছে। জীবনের জন্য তথ্য গুরুত্বপূর্ণ।

সঠিক তথ্য জীবন ও জীবিকার উন্নয়নে সাহায্য করে। বর্তমানে আমরা বিজ্ঞানের জগতে বসবাস করছি। সঠিক তথ্য-উপাত্ত ব্যবহারের মাধ্যমে গবেষণা এবং পরিকল্পনা করলে আমাদের দেশসহ সারা বিশ্বের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব।

উল্লেখ্যে, জাতিসংঘ ২০১০ সালে ২০ অক্টোবরকে বিশ্ব পরিসংখ্যান দিবস ঘোষণা করে এবং প্রতি পাঁচ বছর পর পর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

সে হিসেবে এটি দ্বিতীয় বিশ্ব পরিসংখ্যান দিবস। এ বছর ২০ অক্টোবর শারদীয় দূর্গাপূজার ছুটির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ ৩১ অক্টোবর দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।

এসএইচ