ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার দাবিতে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে ভর্তিচ্ছু আন্দোলনকারীরা। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি পালন করবে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভর্তিচ্ছু আন্দোলনকারীদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হবে। সেখান থেকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম কলেজের ছাত্র সালমান খান, আহমেদ সাগর, সিটি কলেজের আব্দুল্লাহ আল মামুন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের রিয়াজুল ইসলাম, আহসান হাবিবসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর দ্বিতীবার ভর্তি পরীক্ষা দেয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর থেকেই আন্দোলন করে আসছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
কেএইচ





