র‌্যাব ও আইন-শৃখলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সুরমা আবাসিক এলাকা থেকে তুলে নেয়া হয় বলে জানা গেছে।

তবে জালালাবাদ থানা পুলিশ এ বিষয়ে কিছু জানে না।

দুই শিক্ষার্থীর একজন মেহেদী হাসান তুহিন। সে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী।

অপর শিক্ষার্থী রোকনুজ্জামান রানা পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের নিয়মিত ছাত্র। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. রাশেদ তালুকদার জানান, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নিকটকর্তী তপোবন আবাসিক এলাকা থেকে আইন-শৃখলা বাহিনীর সাদা পোশাকের একটি দল রোকনুজ্জামান রানাকে আটক করে নিয়ে যায়। আর সুরমা আবাসিক এলাকা থেকে র‌্যাব পরিচয়ে মেহেদী হাসান তুহিনকে তুলে নিয়ে যাওয়া হয়।

এদিকে পিএমই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ফরহাদ হাওলাদার জানান, রানা তার ব্যাচের ক্লাস মনিটর। সে ক্লাসের নিয়মিত ছাত্র।

জালালাবাদ থানা পুলিশের ওসি আখতার হোসেন জানান, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি শুনেছেন। এর বেশি কিছু তিনি জানেন না।

এর আগে জঙ্গি সন্দেহে গত ১৮ জুলাই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আজিজ, ২ অাগস্ট একই বিভাগের ইফাত আহমেদ চৌধুরী নাহিদ এবং ১৮ অাগস্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদমান আবেদীনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এম এ