ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় দ্বিতীয় অবস্থানে থেকেও কোনো বিষয় পাননি মো. আবির হোসাইন। তিনি ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ১৬৫.০৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। তার ভর্তি রোল নম্বর ৫১১৪৭৬।
তিনি ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ২৭, বাংলায় ২১.৬০ সহ এমসিকিউ পদ্ধতিতে সর্বমোট ৮৫.৮০ নম্বর পেয়েছেন।
রোববার সকালে ঢাবির ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারের সময় বিভাগজনিত জটিলতা থাকায় তাকে কোনো সাবজেক্ট দেয়নি সাক্ষাৎকারে অংশগ্রহণ করা শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী ঢাবির কোনো শিক্ষার্থী যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চান তাহলে উক্ত অনুষদ এবং যে অনুষদের অধীনে পরীক্ষা দিবেন সেই অনুষদের ডিন অফিস থেকে অনুমতি নিতে হয়। কিন্তু ওই শিক্ষার্থী নিজ অনুষদ থেকে অনুমতি নিলেও ভর্তিচ্ছু অনুষদের ডিন অফিস থেকে কোনো অনুমতি নেননি। যে কারণে তাকে কোনো বিষয় দেয়া হয়নি।
আবির হোসাইন জানান, তিনি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে মেধাক্রম দ্বিতীয় হয়েছেন। প্রথম বছরে তিনি ঢাবির ফিন্যান্স বিভাগে ভর্তি হয়েছিলেন। এ বছর আবার পরীক্ষা দিয়ে ‘খ’ ইউনিটে দ্বিতীয় হয়েছেন।
তিনি আরও বলেন, দ্বিতীয়বার পরীক্ষা দিলে বিভাগীয় ডিন অফিস থেকে অনুমতি নিতে হয়। তিনি বিজনেস স্টাডিজ অনুষদ থেকে অনুমতি নিয়েছেন কিন্তু কলা অনুষদের ডিন অফিস থেকে কোনো অনুমতি নেননি। যে কারণে তার মেধাক্রম বাতিল করা হয়েছে।
কলা অনুষদের ডিন প্রফেসর ড. সদরুল আমিনকে ফোন করা হলে তিনি খুবই ব্যস্ত আছেন বলে জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ওই ছাত্রের বিষয়টি আমাদের নজরে আছে। পরবর্তীতে ভেবে সিদ্ধান্ত নেয়া হবে।
কেএইচ





