কুবি: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৫০ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে।
শনিবার বিকাল পৌনে ৫টায় কুবির প্রধান ফটকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বিকাল ৪টা থেকে উভয়পক্ষ প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর লক্ষ্যে বিকালে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা কুবির প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। বিকাল ৪টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশ ১০/১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ প্রায় ৩০/৪০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত জানান,এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কতজন আহত হয়েছে এ ব্যাপারে এখনো বলা যাচ্ছে না।