আন্ত:অনুষদীয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আট শিক্ষার্থীকে হলে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

হলে নিষিদ্ধ হওয়া শিক্ষার্থীরা হলেন, কল্যাণ আশিষ ভাদুরি, জগন্নাথ চন্দ্র দে, ভুবন চন্দ্র হালদার এস এম আবদুস সালাম শিমুল, আশিক হাজরা, শফিকুল ইসলাম, সাজিদ মেহরা সৌহার্দ্য ও ফরহাদুল ইসলাম। এদের মধ্যে প্রথম পাঁচজন ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের এবং পরবর্তী তিনজন ফিশারিজ অনুষদের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মির্জা ফারুকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আট শিক্ষার্থী হলে প্রবেশ ও অবস্থান করতে পারবে না।

এদিকে একই সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী বুধবার থেকে শুরু করার সিদ্ধান্ত হয়। এর আগে আগামী কাল সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হবে।বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাসে সকল প্রকার মিছিল-সমাবেশ ও দলগতভাবে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল’১৬ তারিখে আন্ত:অনুষদীয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যকার অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল|

এইচ ই