চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মো. ময়নুদ্দিন ওরফে মাইন (২২) মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় দেশটির ইউনান প্রদেশে চেনগং শহরে নিত্য-প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে মোটরসাইকেলে ছাত্রাবাসে ফেরার পথে এই ঘটনা ঘটে।
ময়নুদ্দিনের গ্রামের বাড়ি যশোহর জেলার চৈগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। আব্দুল মালেক ও নাসিমা বেগমের একমাত্র ছেলে মাইন। চার ভাই বোনের মধ্যে সে সবার ছোট।
কলেজে অধ্যয়নরত ময়নুদ্দিনের বন্ধুদের মাধ্যমে জানা গেছে, ময়নুদ্দিন দুই বছর ধরে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষে ৪র্থ সেমিস্টারে পড়াশোনা করছিল। মঙ্গলবার সন্ধ্যায় প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে ছাত্রাবাসে ফিরছিল। পথে তাকে বহনকারী মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চেনগং ফাস্ট অ্যাফিলিয়েট হসপিটাল অফ কুনমিং ইউনিভার্সিটিতে নেওয়া হয়। রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে তাদের হাতে এখন কোনো সুযোগ নেই। করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটা ধীর গতিতে চলছে। তবে দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকে হসপিটালের খরচসহ অন্যান্য সার্বিক সহযোগিতায় তারা ছিল।
বর্তমানে লাশ চেনগং ফাস্ট অ্যাফিলিয়েট হসপিটাল অফ কুনমিং ইউনিভার্সিটির মর্গে রাখা হয়েছে।
চীনে বাংলাদেশ কনস্যুলেট অফিস কুনমিং জানিয়েছেন, করোনার মহামারি কমলে লাশ দেশে পাঠানো হবে। দ্রুত কিছু একটা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তার পরিবারের পাশে আছি।
এমবি





