দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ ১০৫ দিন বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাস চলাচল আবার শুরু হয়েছে। বুধবার সকাল সোয়া ৮টা থেকে ১৬টি রুটে বাস চলাচলের মাধ্যমে দীর্ঘ দিনের অচলাবস্থার অবসান হলো।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. সাইয়েদুজ্জামান বলেন, রাজনৈতিক সহিসংতায় শিক্ষর্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এতো দিন ধরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।
এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে বাস চলাচল আবার চালু করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রতিদিন সকাল সোয়া ৮টা ও দুপুর সোয়া ২টায় সকল রুটে বাস চলাচল করবে বলেও জানান তিনি।
এ দিকে প্রতিদিন বাস চলাচল করলে প্রায় ৫০,০০০ হাজার টাকা ব্যয় হয়। এ হিসাব অনুযায়ী ১০৫ দিনে প্রায় অর্ধকোটি টাকা সাশ্রয় হয়েছে। বিশাল অঙ্কের এই টাকা কোথায় ব্যয় করা হবে এমন প্রশ্নে প্রফেসর ড. সাইয়েদুজ্জামান বলেন, সাশ্রয় হওয়া টাকাগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবহনের ঘাটতি পূরণে ব্যয় করা হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ১৬টি রুটে প্রতিদিন ৩৮টি বাস চলাচল করে। কিন্ত চলমান রাজনৈতিক সহিসংতার কারণে দীর্ঘ দিন ধরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন শিক্ষার্থীরা।
এআর





