মুক্তিযুদ্ধের গল্প অবল্বনে নির্মিত টেলিফিল্ম ‘প্রতিদান’ এ রাজাকার চরিত্রে অভিনয় করার পর এবার মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করলেন তরুণ সাংবাদিক ও অভিনেতা সিডর সুমন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের নির্মিতব্য বিশেষ নাটক ‘বাংলা আমার বাংলা’ তে অভিনয় করেন তিনি।
স্বাধীনতা দিবসে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান মালায় প্রচারের জন্য নাটকটি রচনা করেছেন বিশিষ্ট নাট্যকার ড. ইনামুল হক। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একদল মুক্তিযোদ্ধার আত্মত্যাগের অমর কাহিনী নিয়ে এগিয়ে চলে নাটকটির গল্প। গত ১৯ ও ২০ মার্চ বিটিভির নিজস্ব সেটে চিত্রায়ন শেষে নাটকটি এখন সম্পাদনার টেবিলে।
নাটক ও নিজের চরিত্র নিয়ে সিডর সুমন বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক এটি আমার দ্বিতীয় নাটক। প্রথম নাটকটিতে রাজাকারের চরিত্রে অভিনয় করলেও এই নাটকটিতে আমি তারেক নামের একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি বেশ উপভোগ্য, আশা করি দর্শকের কাছেও ভালো লাগবে।’
জয়নাল আবেদীন সরকারের প্রযোজনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, চাঁদনী, নাজনীন চুমকি, শিমুল সহ আরো অনেকে। ২৬ মার্চ রাত ৮ টার বাংলা সংবাদের পরে বাংলাদেশ টেলিভিশনে নাটকটি প্রচারের কথা রয়েছে।
ইআর





