দীর্ঘ আলোচনা ও প্রতীক্ষা শেষে অবশেষে আজ মুক্তি পাচ্ছে 'দেশা : দ্য লিডার'। এর আগে কয়েকবার মুক্তির ঘোষণা দিলেও মুক্তি দেওয়া যায়নি।
সৈকত নাসিরের রচনা ও পরিচালনায় প্রথম ছবি এটি। এ ছবিতে প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন অভিনেতা তারিক আনাম খান।
নায়ক হিসেবে এটি শিপনের প্রথম ছবি। দৃঢ়চেতা এক দেশপ্রেমিক যুবকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথম কোনো গান লিখলেন এই ছবিতে। তিনি অভিনয় করেছেন নির্ভীক এক সাংবাদিকের চরিত্রে। দীর্ঘদিন পর কোনো বাংলাদেশি ছবিতে প্লেব্যাক করেছেন জেমস।
রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ছবিটি প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, 'স্বল্প পরিসরে হলেও হলিউড, বলিউডের মতো মোশন গ্রাফিকস ও ভিএফএক্স প্রযুক্তির ব্যবহার হয়েছে এ ছবিতে।'
একটি বেসরকারি টিভি চ্যানেলে নেতা খোঁজার রিয়ালিটি শোকে ঘিরে ছবির কাহিনী। আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শিমুল খান, সোহেল খান, টাইগার রবি প্রমুখ।
চিত্রনাট্য রচনায় আবদুল্লাহ জহির বাবু। সংগীত শওকত আলী ইমন, শফিক তুহিন ও কিশোর। গান লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শফিক তুহিন, মাহিয়া মাহি ও সোমেশ্বর অলি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি নিবেদন করেছে ফেয়ার অ্যান্ড লাভলী।
ইআর





