ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জয়-বীরুর 'শোলে' সিনেমাটি একটা মাইলফলকই বটে। ছবির শেষ দৃশ্যে অমিতাভ বচ্চন ওরফে জয় ক্রমেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন- এ দৃশ্যটি পুরনো সিনেমা পাগলরা আজও হয়ত মনে রেখেছেন।

কিন্তু সেই দৃশ্যটি নিয়েই সম্প্রতি ঘটে গেলে এক অকল্পনীয় ঘটনা। গাজার একটি টেলিভশনে লাইভ খবর দেখাতে গিয়ে শোলের সেই বিখ্যাত জয়-বীরুর দৃশ্যকে 'ইসরাইলি হানায় গুরুতর আহত দুই' বলে দেখানো হয়েছে। দৃশ্যটির নিচে আলজাজিরার লোগো দিয়ে লেখা রয়েছে, ‘ইসরাইলের হানায় গুরুতর জখমদের আরো কিছু ভয়াবহ দৃশ্য’।

গত রবিবার আলজাজিরা'র জনসংযোগ দল এই দৃশ্যটির একটি স্ক্রিনশট তুলে টুইট করে একে মিথ্যা ও মনগড়া বলে ব্যাখ্যা করেছেন। একইসঙ্গে জানিয়েছে, এই উদ্ভট কাণ্ডের জন্য আমরা শুধুমাত্র হাসতে পারি। তাদের অন্তত লোগোটা সঠিক লাগানো উচিত ছিল।

এদিকে এই ছবিটি টুইটারে অনেকেই শেয়ার করেছেন। এই ছবিটিকে সবচেয়ে বাজে মানের হলুদ সাংবাদিকতা বলে ব্যাখ্যা করা হয়েছে।

ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন ভারতের বিজেপি নেতা সুব্রহ্মনিয়ম স্বামী। তিনি বলেন, 'আমার দেখা সবচেয়ে খারাপ হলুদ সাংবাদিকতার নিদর্শন এটি। আলজাজিরার সংবাদ চ্যালেন বলিউডের ছবি শোলের ক্লিপিং দেখাচ্ছে ইসরাইলি হানায় গাজাবাসীর মৃত্যু বলে। বিষয়টি হাস্যকরই না অবাক হওয়ার বিষয়ও।' সূত্র: ওয়েবসাইট।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই