রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় সড়ক থেকে উদ্ধার হওয়া লাশটি টিভি অভিনেত্রী আশা চৌধুরীর বলে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার দিনগত রাতে দেড়টার দিকে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা রোমান রুনি। এই নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন আশা।
তিনি জানান, দারুস সালাম এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এরপর এই অভিনেত্রীর মৃত্যু হয়। মরদেহ একটি হাসপাতালের মর্গে রাখা আছে।
আশার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে লেখেন, আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১ ও ২ তারিখ।
যেখানে আশা চৌধুরী নামের এই মেয়েটি অভিনয় করেছেন, তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে। এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে যান, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আশার আত্মার মাগফেরাত কামনা করছি।
আশা চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশুশিল্পী ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে।
সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।
এএস





