প্রথমবারের মতো মঞ্চে একসঙ্গে গজল পরিবেশন করবেন বাবা-মেয়ে মুস্তাফা জামান আব্বাসী ও সামিরা আব্বাসী। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এই গজল পরিবেশন করবেন।
আড়াই ঘণ্টার এ অনুষ্ঠানে ১৫টির মতো গজল করবেন তারা। এগুলো মেহেদী হাসান, গুলাম আলী, জগজিৎ সিং, লতা মুঙ্গেশকর, মোহাম্মদ রফি প্রমুখের। উপস্থিত শ্রোতাদের অনুরোধও রক্ষা করবেন তারা। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।
সামিরা আব্বাসী বলেন, ‘লোক ও নজরুলের গানের পাশাপাশি বাবা যে গজলও দুর্দান্ত গাইতে পারেন, তা অনেকে জানেন না। এ অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই সেটা জানতে পারবেন। আমিও অনেক আগে থেকেই গজল করি। প্রথমবারের মতো বাবা-মেয়ে মঞ্চে একসঙ্গে গজল করব, ভাবতেই ভালো লাগছে।’
প্রসঙ্গত, পল্লীগীতির বরেণ্য শিল্পী আব্বাসউদ্দীনের ছেলে মুস্তাফা জামান আব্বাসী ও নাতনি সামিরা আব্বাসী।
এআই





