এ মাসেই শুটিং হওয়ার কথা ছিল এম এ রহিমের ‘রানা দ্যা ফাইটার’ ছবির। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আবারো পিছিয়ে গেল ছবিটির শুটিং।

ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করছেন কিং খান শাকিব খান ও জানভী চৌধুরী। জানা যায়, আগামী কোরবানীর ঈদের পরে শুরু হবে ছবিটির শুটিং।

এ প্রসঙ্গে পরিচালক এম এ রহিম ঢালিউড২৪ কে বলেন, ‘শাকিবের শিডিউল নিয়ে একটু ঝামেলা হয়েছে। শাকিব শিডিউল দিলেই শুরু হবে ছবিটির শুটিং।’

এম এ রহিম রোজার ঈদের পরপরই নাম ঠিক না হওয়া আরেকটি ছবি শুরু করতে যাচ্ছেন। ‌

‘ছবিটিতে নতুন এক জোড়া নায়ক-নায়িকা থাকবে আশা করছি। এরই মধ্যে ছবিটির গল্প লেখার কাজ শেষ করেছি। ছবিটির গল্পে দেখা যাবে সমাজে কিভাবে যুবক ছেলে-মেয়েরা ধ্বংসের দিকে চলে যায়। এরকমই একটি গল্প লিখেছি আমি নিজেই। আশা করছি ঈদের পরপরই ঢাকা এবং ঢাকার আশে-পাশের বিভিন্ন লোকেশনে ছবিটির কাজ শুরু করবো। এরই মধ্যে নতুন একজন নায়িকার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তবে এখনো চুক্তিবদ্ধ করানো হয়নি’- জানালেন এম এ রহিম।

ইআর