মোস্তফা কামাল রাজ রচিত ও হালের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম অভিনীত ‘মাইক’ নাটকে ৩০ লাখ সৌদি প্রবাসী বাংলাদেশিদের ‘ফকিরনি’ গালি দিয়ে নেক্কারজনকভাবে হেয় প্রতিপন্ন করার পর একই পদাংক অনুসরণ করা হয়েছে এবারের ঈদের বিনোদন ‘সেকান্দার বক্সের হাওয়াই গাড়ি’ নাটকের বিশেষ দৃশ্যে।
প্রতিবাদ বার্তায় বলা হয়, বিবেকহীন নাট্যকার সাগর জাহানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক এই নাটকে অত্যন্ত সুকৌশলে সৌদি প্রবাসীদের পাশাপাশি দুবাই প্রবাসী বাংলাদেশিদেরও চরিত্র হরণের প্রাণান্তকর প্রচেষ্টা চালানো হয়েছে।
সস্তা বিনোদনের নামে আনাড়ি পরিচালকেদের দায়িত্বহীন পরিচালনায় রিলিজ হওয়া বাংলা নাটকে ইদানিং প্রবাসী বাংলাদেশিদেরকে খাটো করার অপচেষ্টা আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তপ্ত মরুর বুকে মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া যে প্রবাসীরা রেমিটেন্সের চাকাকে সচল রেখে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের অর্থনীতিকে,সেই প্রবাসীদেরকে অবমূল্যায়ন করে বাংলাদেশের এসব ভূইফোঁড় পরিচালক-প্রযোজকরা নিজেদের অসাড়তা প্রমাণের পাশাপাশি অবতীর্ণ হচ্ছেন কান্ডজ্ঞানহীন ভূমিকায়।
ইতিপূর্বে ‘মাইক’ নাটকে অভিনেতা মোশারফ করিমের মুখে ‘‘সৌদি যায় ফকিরনিরা, আমার কি টেকা পয়সার অভাব’’ বস্তাপঁচা এই কমন ডায়ালগের প্রেক্ষিতে প্রতিবাদে ফেটে পড়েছিলেন সৌদি প্রবাসী লাখ লাখ বাংলাদেশি।
অভিনেতা-প্রযোজক-পরিচালক-পৃষ্ঠপোষক সহ ‘মাইক’ নাটকের সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার পরিণতিতেই এই জগতের নতুন জ্ঞানপাপীরা দুর্ভাগ্যজনকভাবে এবারের ঈদে আবার দুঃসাহস দেখিয়েছে রেমিটেন্সের উৎস প্রবাসীদের নিয়ে তামাশায় মত্ত হবার।
বিবেকবর্জিত রচয়িতা ও পরিচালক সাগর জাহানের রাবিশ প্রোডাকশন ‘সেকান্দার বক্সের হাওয়াই গাড়ি’ নাটকে সেই মোশারফ করিম অভিনয় করলেও এ যাত্রায় সমালোচিত ডায়ালগটি দেওয়ানো হয়েছে অভিনেতা ফারুক আহমেদকে দিয়ে।
দুবাই প্রবাসী বাংলাদেশিরা দেশে এলে সুন্দরী নারীর প্রতি লোলুপ দৃষ্টির পাশাপাশি রুচিহীন কথাবার্তায় কতটা পারদর্শী তা ‘সেকান্দার বক্স’ এর ভেতর অত্যন্ত দক্ষতার সাথে বাক্সবন্দি করেছেন পরিচালক।
নাট্যকারের ন্যাকামি এখানেই শেষ হয়নি। দুবাই ফেরত ফারুকের মুখ দিয়ে বমির মতোই বের করেছেন, খেজুর খেতে পছন্দ করা আর কম্বল নিয়ে ঘুরে বেড়ানোই নাকি সৌদি প্রবাসী বাংলাদেশিদের কাজ।
এদিকে ‘সেকান্দার বক্সের হাওয়াই গাড়ি’ নাটকের নামে প্রবাসীদের নিয়ে নেক্কারজনক তামাশার পুনরাবৃত্তি ঘটায় রাজধানী রিয়াদ,বন্দরনগরী জেদ্দা,পবিত্র নগরী মক্কা-মদীনা সহ সৌদি আরব জুড়ে বাংলাদেশিদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
রিয়াদের স্বনামধণ্য কমিউনিটি ব্যক্তিত্ব ও সৌদি রাজ পরিবারের চিকিৎসক ডা. আরিফুর রহমান বাংলাদেশের পরিচালক-প্রযোজক নামধারী এসব লোকদের এধরনের প্রোডাকশন অবিলম্বে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।
এই প্রতিবেদককে তিনি বলেন, সস্তা বিনোদনের নামে নাটকে প্রবাসীদের হেয় করা আইন করে বন্ধ করতে হবে।
সৌদি আরবের বিভিন্ন শহরের কমিউনিটি নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন,সৌদি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নোংড়া তামাশার অপরাধে ‘সেকান্দার বক্স’ এর পুরো ইউনিটকেই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় উদ্ভূত যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির দায় বাংলাদেশ সরকারকেই বহন করতে হবে।
সমালোচনার ঝড় উঠেছে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। নাটকে সৌদির পাশাপশি দুবাই প্রবাসীদেরও হেয় করায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন।
https://www.youtube.com/watch?v=IMMMgC8wLok
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





